প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ এএম
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি সংকটে হলগুলোর জেনারেটর পরিষেবা বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সাভারে অবস্থিত এই প্রতিষ্ঠানে ক্যাম্পাসজুড়ে মশার উপদ্রব এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশেষ করে সন্ধ্যার পর খোলা পরিবেশে কিছুক্ষণ অবস্থান করাও কঠিন হয়ে পড়ছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হলে অবস্থানরত এক শিক্ষার্থী বলেন, “সন্ধ্যার পর বাইরে বসে পড়াশোনা করা যায় না। এমনকি ক্লাসরুমেও ঠিকভাবে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
আরেক শিক্ষার্থী জানান, “শুধু রাতেই নয়, দিনের বেলাতেও মশার উপদ্রব তীব্র। মশারি ব্যবহার করেও পুরোপুরি রেহাই পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে গরমে জেনারেটর না থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।”
শিক্ষার্থীদের মতে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জমে থাকা পানি এবং ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার না করার কারণে মশার বংশবিস্তার বেড়েছে।
অন্যদিকে, জ্বালানি সংকটের কারণে হলগুলোর জেনারেটর পরিষেবা বন্ধ থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় শিক্ষার্থীরা তীব্র গরমে ভোগান্তির শিকার হচ্ছেন।
পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীরা দ্রুত নিয়মিত ফগিং কার্যক্রম চালু, ক্যাম্পাসে পরিচ্ছন্নতা জোরদার, জমে থাকা পানি অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগই শিক্ষার্থীদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে—এমন প্রত্যাশা তাদের।
