শনিবার ৩১, অক্টোবর ২০২৬

শনিবার ৩১, অক্টোবর ২০২৬ -- : -- --

মেসি-রোনালদোকে পেছনে ফেলে বিপণনযোগ্যতার তালিকায় শুবমান গিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

মেসি-রোনালদোকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদদের তালিকায় শুবমান গিল

মাঠে লিওনেল মেসির বাঁ পায়ের জাদু, গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর চেনা উদ্‌যাপন কিংবা কিলিয়ান এমবাপ্পের দুরন্ত গতি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শককে মুগ্ধ করে রেখেছেন এই তিন ফুটবল তারকা। জনপ্রিয়তার বিচারে তাঁদের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। তবে মাঠের জনপ্রিয়তা আর বাণিজ্যিক আকর্ষণ যে এক বিষয় নয়, তারই ইঙ্গিত মিলেছে স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায়।

এই তালিকায় মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল। তালিকার ১৩তম স্থানে রয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। তাঁর পরের অবস্থানেই আছেন রোনালদো। ফরাসি তারকা এমবাপ্পে রয়েছেন ১৯তম স্থানে, আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির অবস্থান ২৭তম।

তালিকার শীর্ষে অবশ্য ক্রিকেট কিংবা ফুটবলের কোনো তারকা নেই। বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।

শীর্ষে আরিনা সাবালেঙ্কা

২৮ বছর বয়সী সাবালেঙ্কা চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। ২০২৫ সাল শেষ করেছেন টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। ওই বছর কোর্টের আয় ও স্পনসরশিপ মিলিয়ে তাঁর আনুমানিক আয় ছিল তিন কোটি মার্কিন ডলার।

নাইকি, উইলসন, গুচি, এমিরেটস, অডেমার পিগে, হুপ ও স্টেলা আর্তোয়ার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রয়েছে সাবালেঙ্কার।

২০১০ সালে শুরু হওয়া স্পোর্টসপ্রোর এই তালিকায় চতুর্থ নারী এবং তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে শীর্ষস্থান অর্জন করলেন তিনি।

তালিকার প্রথম পাঁচে কারা

এবারের তালিকায় দ্বিতীয় হয়েছেন অলিম্পিকে ফ্রিস্টাইল স্কিইংয়ে সোনাজয়ী চীনের আইলিন গু। তৃতীয় স্থানে রয়েছেন গ্রিসের বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুনম্পো।

চতুর্থ হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। পঞ্চম স্থানে রয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ।

সেরা পঞ্চাশে নেই বিরাট কোহলি

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য তালিকায় রয়েছে আরেকটি চমক। দেশটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি সেরা ৫০ জনের মধ্যে জায়গা পাননি। তালিকায় তাঁর অবস্থান ৮৫তম। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম স্থানে।

তালিকার সেরা পঞ্চাশে ভারতের পাঁচজন ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে ক্রিকেটার হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুবমান গিল, যিনি আছেন ১৩ নম্বরে।

যেভাবে তৈরি হয়েছে বিপণনযোগ্যতার তালিকা

স্পোর্টসপ্রো ও নর্থস্টার সলিউশনস গ্রুপ যৌথভাবে তৈরি করেছে ১৭তম বার্ষিক এই তালিকা। ক্রীড়াবিদদের বিপণনযোগ্যতা নির্ধারণে ১০০ নম্বরের একটি বিশেষ স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এর মধ্যে ব্র্যান্ড ইকুইটির জন্য বরাদ্দ ৪৫ নম্বর। এ ক্ষেত্রে একজন ক্রীড়াবিদের ব্র্যান্ড হিসেবে শক্তি ও আকর্ষণ মূল্যায়ন করা হয়। মোমেন্টামের জন্য রাখা হয়েছে ৪০ নম্বর, যেখানে বিবেচনা করা হয় তাঁর বাণিজ্যিক জনপ্রিয়তা কত দ্রুত বাড়ছে। বাকি ১৫ নম্বর কমার্শিয়াল ট্র্যাজেক্টরির জন্য। এর মাধ্যমে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আরও বড় হওয়ার সম্ভাবনা মূল্যায়ন করা হয়।

এই মূল্যায়নে ব্যবহার করা হয়েছে ২৭টি নির্দিষ্ট সূচক। প্রত্যেক ক্রীড়াবিদের কয়েক শ তথ্যের পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে তিন হাজারের বেশি ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তির তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও দর্শকের সংখ্যা, ইন্টারনেটে খোঁজার প্রবণতা, সংবাদমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা এবং বাণিজ্যিক অংশীদারত্বও বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তথ্যের ভিত্তিতে ৭০টি খেলার ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়। তাঁদের মধ্যে ২৪৭ জনকে নিয়ে বিস্তারিত মূল্যায়নের পর চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

Link copied!