প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় ছাত্রকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবির হাসান (২৩) নামের ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক আবির হাসান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল ইসলাম।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় ভর্তি করান তার পরিবারের সদস্যরা। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এরপর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদরাসায় পাঠানোর পর আবার অসুস্থ হয়ে পড়ত। একপর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।
পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তার মাকে মাদরাসায় ডেকে নেওয়া হয়। এসময় আবির হাসান নামের ওই শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তার মা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে শিশুটির নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে তার সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে। অভিযুক্ত শিক্ষক তাকে ধর্ষণ করত বলে জানায় শিশুটি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
