শুক্রবার ২৭, নভেম্বর ২০২৬

শুক্রবার ২৭, নভেম্বর ২০২৬ -- : -- --

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মশালা

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার-২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-এ-খুদা একাডেমিক ভবনের গ্যালারি রুমে হাবিপ্রবি শাখা ছাত্রদলের আয়োজনে এই কর্মশালাটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রদলের  সভাপতি মো. এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগাঠনিক সম্পাদক মো. রিদওয়ান হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুকুনুর জামান রুকু। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়ার কৌশল এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রকে সামনে রেখে এবং ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’-এই আদর্শকে ধারণ করে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন যে, একটি সুস্পষ্ট ও জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নের মাধ্যমেই দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব।

কর্মশালায় উপস্থিত বক্তারা বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। আলোচনায় তারা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এর আওতায় ইতিমধ্যে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর জন্য মাসিক ২,৫০০ টাকা নগদ সহায়তাসহ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ চালুকরণ এবং সারাদেশে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো জনবান্ধব উদ্যোগগুলো বাস্তবায়ন শুরু হয়েছে।

শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে বক্তারা আরও বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পাশাপাশি স্নাতক পর্যায়ে ছাত্রীদের অবৈতনিক শিক্ষা সম্প্রসারণ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণসীমা বৃদ্ধির মতো যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ই-হেলথ কার্ড’ চালুর মতো অগ্রগতিগুলো সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Link copied!