প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
রাতের খাবার তৈরির সময় ঘুমের বিষয়টি অনেকেই বিবেচনায় নেন না। সহজে রান্না করা যায়, এমন খাবার বেছে নেওয়াই থাকে মূল লক্ষ্য। তবে রাতের খাবারের ধরন ঘুমের মানে প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে প্রোটিনেরও ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। কারণ, প্রোটিনে থাকে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড। কিন্তু ভালো ঘুমের জন্য কি রাতে বেশি প্রোটিন খাওয়া উচিত?
মুরগির মাংস ও মাছের মতো পূর্ণাঙ্গ প্রোটিনের উৎসে সাধারণত ট্রিপটোফ্যান থাকে। এটি একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যা ঘুম ঘুম ভাব তৈরির সঙ্গে সম্পর্কিত। তবে বেশি পরিমাণে এসব খাবার খেলেই ঘুম ভালো হবে, এমন নিশ্চয়তা নেই। শারীরবৃত্তীয় একটি বাধার কারণে ট্রিপটোফ্যান সহজে মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এ ছাড়া ঘুমের ওপর প্রোটিনের প্রভাব নিয়ে গবেষণাও এখনো সীমিত।
নিবন্ধিত পুষ্টিবিদ ও ইটকুইলিব্রিয়ামের প্রতিষ্ঠাতা স্যাম সিগেল বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট প্রোটিন ঘুমের উন্নতি ঘটায়, এমন প্রমাণ এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘মুরগি ও টার্কির মাংসে প্রচুর ট্রিপটোফ্যান থাকে। তবে এ কারণে এগুলোকে ঘুমের জন্য বিশেষ উপকারী খাবার বলা যায় না। টার্কির মাংস খেলে ঘুম পায়-এ ধারণা মূলত একটি ভুল ধারণা।’
স্যাম সিগেলের ব্যাখ্যা, স্বাভাবিকের তুলনায় বেশি প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে রক্তে অন্যান্য অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এসব অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে প্রবেশের ক্ষেত্রে ট্রিপটোফ্যানের সঙ্গে প্রতিযোগিতা করে। ফলে মস্তিষ্কে ট্রিপটোফ্যানের পরিমাণ বাড়ার পরিবর্তে সাধারণত কমে যায়।
আলমাসেডের নিবন্ধিত পুষ্টিবিদ ও পুষ্টিবিষয়ক ব্যবস্থাপক জেমি লু মনে করেন, ট্রিপটোফ্যানের কারণে ঘুম পাচ্ছে বলে অনেকে মনে করলেও এর পেছনে বেশি পরিমাণে খাবার খাওয়ার প্রভাব থাকতে পারে। অর্থাৎ, অতিরিক্ত খাবার খাওয়ার পর যে ঝিমুনি আসে, সেটিকেই অনেকে ঘুমের কারণ হিসেবে ধরে নেন।
তবে কিছু প্রোটিনসমৃদ্ধ খাবারের অন্যান্য পুষ্টি উপাদান ঘুমের জন্য উপকারী হতে পারে। স্যাম সিগেল বলেন, ‘স্যামন মাছের উপকারিতা শুধু ট্রিপটোফ্যানের ওপর নির্ভর করে না। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি রয়েছে। পাশাপাশি এটি প্রদাহ কমাতেও সাহায্য করে। রাতের খাবারে প্রোটিন হিসেবে স্যামন মাছের উপকারিতা নিয়ে গবেষণায় সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে।’
তবে শুধু প্রোটিনের পরিমাণ বাড়ালেই চলবে না। খাবারের অন্যান্য উপাদানের সঙ্গেও এর ভারসাম্য রাখা জরুরি।
প্রোটিন দিয়ে ঘুমের উপযোগী রাতের খাবার তৈরি করবেন যেভাবে
প্রথমেই রাতের খাবারে প্রোটিনের পরিমাণ ঠিক রাখতে হবে। স্যাম সিগেলের পরামর্শ, রাতের খাবারে ৪ থেকে ৫ আউন্স বা ১১৩ থেকে ১৪২ গ্রাম রান্না করা স্যামন মাছ রাখা যেতে পারে। পরিমাণটি প্রায় হাতের তালুর সমান। এর সঙ্গে ফ্যারো বা মিষ্টি আলুর মতো জটিল শর্করাজাতীয় খাবার এবং শাকসবজি রাখা ভালো। সিগেলের মতে, শর্করাজাতীয় খাবার ট্রিপটোফ্যানকে মস্তিষ্কে পৌঁছাতে সহায়তা করে।
শর্করাজাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিন নিঃসৃত হয়। এটি রক্তের অন্যান্য অ্যামিনো অ্যাসিডকে পেশিতে পৌঁছে দেয়। ফলে মস্তিষ্কে প্রবেশের ক্ষেত্রে ট্রিপটোফ্যানের প্রতিযোগিতা কমতে পারে। তবে এ প্রক্রিয়ায় ঘুমের উন্নতি হয় কি না, তা নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে পুষ্টিবিদ জেমি লুও প্রোটিনের সঙ্গে জটিল শর্করাজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।
দুই পুষ্টিবিদেরই পরামর্শ, ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত। জেমি লুর মতে, জিএলপি-১ শ্রেণির ওষুধ গ্রহণকারীদের জন্য এ নিয়ম মেনে চলা আরও জরুরি। এসব ওষুধের কারণে পাকস্থলীতে খাবার বেশিক্ষণ অবস্থান করে। ফলে রাতে দেরি করে বেশি খাবার খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে।
তবে মনে রাখতে হবে, কোনো একটি খাবার ঘুমের ওষুধের বিকল্প নয়। স্যাম সিগেলের মতে, খাদ্যতালিকায় নির্দিষ্ট একটি উপাদান রাখার চেয়ে সামগ্রিক খাদ্যাভ্যাস ঘুমের ওপর বেশি প্রভাব ফেলে।
তথ্যসূত্র: রিয়েল সিম্পল
