প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে বিশ্বব্যাপী। ইতিবাচক আদর্শ ব্যক্তিদের তুলে ধরা এবং পুরুষদের সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়াতেই এ বছর পুরুষ দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ভবিষ্যৎ সবার’।
আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর। উদ্যোগ নিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং। তবে ১৯৬০ খ্রিষ্টাব্দ থেকেই পুরুষদের জন্য একটা দিবস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ১৯৬৯ খ্রিষ্টাব্দে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস বানাতে একটা দল গোপনে কাজ করে যাচ্ছিল; কিন্তু সে চেষ্টা সফল হয়নি।
ইন্টারন্যাশনাল মেনস ডে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ মাসে পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে বেশ কিছু আয়োজন থাকে। এর মধ্যে ‘মুভেম্বর’ অন্যতম। ‘মুভেম্বর’ এসেছে মুশটাস (গোঁফ) ও নভেম্বরের সমন্বয়ে। এই আয়োজনে নভেম্বরে মাসে বিশ্বজুড়ে পুরুষেরা গোঁফ রাখেন এবং নারীরা তাদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। মূলত পুরুষদের স্বাস্থ্যসচেতনতা এবং তহবিল সংগ্রহ করাই এমন উদযাপনের প্রধান উদ্দেশ্য। পুরুষের স্বাস্থ্যসচেতনতা বলতে বিশেষত প্রোস্টেট ক্যান্সার, টেস্টিকিউলার বা শুক্রাশয়ের ক্যানসার, মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যার মতো বিষয়গুলোই প্রাধান্য পায়। তবে সবাইকে যে এ মাসে গোঁফ রেখে ‘মুভেম্বর’ পালন করতে হবে, তা নয়; অনেকে নভেম্বর মাসজুড়ে দাড়ি-গোঁফ না কেটেও উদযাপন করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
