বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

হীরক জয়ন্তীর দ্বারপ্রান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ছয় দশকের স্বপ্ন ও ঐতিহ্য

..

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

নুসরাত জাহান কিন্নরী

নুসরাত জাহান কিন্নরী

কিছু প্রতিষ্ঠান কেবল ইট-পাথরের অবকাঠামো নয়, বরং তারা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, জ্ঞান ও প্রবৃত্তির ধারক-বাহক হয়ে ওঠে। তেমনি একটি প্রতিষ্ঠান সবুজ-শ্যামল প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা পাহাড়ে বেষ্টিত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি কেবল উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং অসংখ্য মানুষের স্বপ্ন, আবেগ, সংগ্রাম ও সম্ভাবনার এক অনন্য ঠিকানা। প্রতিষ্ঠার ছয় দশক পেরিয়ে হীরকজয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিরে দেখছে তার গৌরবময় অতীত, অর্জন ও ভবিষ্যতের প্রত্যাশা।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ পথপরিক্রমায় দেশের শিক্ষা, গবেষণা, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখান থেকেই তৈরি হয়েছে শিক্ষক, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, প্রশাসক, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। এখানে প্রতিটি বিভাগ, শ্রেণিকক্ষ, করিডোর এবং স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শিক্ষার্থীর জীবনের গল্প।

এ বিদ্যাপীঠের সৌন্দর্য শুধু সবুজ প্রকৃতি কিংবা পাহাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সৌন্দর্য্য নিহিত রয়েছে মুক্তচিন্তা, বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঐতিহ্যে। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক পরিবর্তনের ধারায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। এর সৌন্দর্য্য ছুয়ে গেছে হাজারো শিক্ষার্থীর সফলতার গল্প, স্মৃতি, আড্ডা‌ ও বন্ধুত্বের গল্পকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব যেমন পাহাড়ে ঘেরা সৌন্দর্য্য, তেমনি তার অনন্য বিশেষত্ব শাটল ট্রেন। এটি শুধু শিক্ষার্থীদের বাহনই নয়, বরং হাজারো মেধাবী তরুণ-তরুণীর স্বপ্নের বাহন‌ও বটে। দীর্ঘ ৬০ বছরের এক অনন্য ঐতিহ্য, আবেগ-মাধুর্য-সকল কিছুর সাক্ষী এই ট্রেন। এখানে তৈরি হয়েছে নতুন বন্ধুত্ব, জমে উঠেছে আড্ডা; কেউ বা বই পড়ে কাটিয়ে দিয়েছে তার দীর্ঘ যাত্রা।

তবে হীরকজয়ন্তী কেবল একটি আনন্দ উদ্‌যাপনের উপলক্ষই নয়, বরং এটি আত্মসমালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার একটি নতুন স্বপ্নময় প্রত্যাশার পুনঃস্মরণ। আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে গবেষণার সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আবাসন সংকট নিরসন, পরিবহনব্যবস্থার উন্নয়ন, সেশনজট হ্রাস এবং শিক্ষার্থীদের নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে যেতে হবে।

বিশেষ করে বর্তমান প্রজন্মের প্রত্যাশা-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান হয়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না; বরং মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, যুক্তিবাদী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজেদের গড়ে তুলবে।

হীরকজয়ন্তী কেবল অতীতের অর্জন উদ্‌যাপনের উপলক্ষ হওয়া উচিত নয়; এটি আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনারও সময়। পথ দেখিয়ে দেয়, ষাট বছরের ইতিহাস কেবল গৌরবের নয়, দায়িত্বেরও। অতীতের অর্জনকে ধারণ করে বর্তমানের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারলেই আগামী দিনের বিশ্ববিদ্যালয় হবে আরও সমৃদ্ধ, আধুনিক ও মানবিক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়; এটি আবেগের, আত্মপরিচয়ের এবং স্বপ্ন দেখার এক চিরন্তন ঠিকানা। পাহাড়ের সবুজে, ঝিরির জলে, শাটলের ছন্দে এবং হাজারো শিক্ষার্থীর পদচারণায় এই বিশ্ববিদ্যালয় বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে।

হীরকজয়ন্তী হোক আত্মপরিচয়ের পুনর্জাগরণ, অর্জনের মূল্যায়ন এবং একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ার নতুন অঙ্গীকার।


লেখিকা: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Link copied!