ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
শুক্রবার ২০, নভেম্বর ২০২৬ -- : -- --
প্রতীকী ছবি
মানুষ কেন চিন্তা করে? সত্য ও মিথ্যার পার্থক্য কীভাবে নির্ধারিত হয়? ন্যায়-অন্যায় কিংবা ভালো-মন্দের মানদণ্ডই বা কী? মানুষের অস্তিত্ব, জীবনবোধ, নৈতিকতা ও জ্ঞান নিয়ে এমন অসংখ্য মৌলিক প্রশ্নের অনুসন্ধানই দর্শন। কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং নিজের চিন্তাকে প্রশ্ন করা, যুক্তির আলোকে সত্য অনুসন্ধান এবং ভিন্নমতকে বোঝার মধ্য দিয়েই দর্শনের প্রকৃত চর্চা। আজ ১৯ নভেম্বর, বিশ্ব দর্শন দিবস। প্রতিবছর নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
মানুষের চিন্তাশক্তি, যুক্তিবোধ, জ্ঞানচর্চা, নৈতিকতা ও মুক্তবুদ্ধির বিকাশে দর্শনের গুরুত্ব তুলে ধরাই এ দিবসের অন্যতম উদ্দেশ্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের নানা সংকট অনুধাবন, বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রেও দর্শনের ভূমিকা গুরুত্বপূর্ণ। দর্শন মানুষকে শুধু উত্তর খুঁজতে শেখায় না, বরং সঠিক প্রশ্ন করতে শেখায়। আর সেই প্রশ্নের মধ্য দিয়েই তৈরি হয় নতুন চিন্তা ও উপলব্ধির পথ।
দর্শনকে কেবল পাঠ্যবইয়ের সংজ্ঞা কিংবা প্রাচীন দার্শনিকদের তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম আহমদ মিনহাজ। তাঁর কাছে দর্শন মানুষের উপলব্ধি, আত্মজিজ্ঞাসা এবং সত্তার গভীরতম সত্য অনুসন্ধানের একটি মাধ্যম।
নাঈম আহমদ মিনহাজ বলেন, “দর্শন হলো উপলব্ধিজাত জ্ঞান, যা প্রত্যক্ষের মাধ্যমে সূক্ষ্ম বিশ্লেষণে আহরণ করা হয়। এককভাবে কখনোই দর্শনকে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। কেননা, সত্তার মধ্যে শ্রেষ্ঠতম সত্তা মানুষ নিজেই একেকজন আলাদা আলাদা দর্শন। মানুষকে যেমন সহজে সংজ্ঞায়িত করা যায় না, ঠিক তেমনি দর্শনকেও সংজ্ঞায়িত করা দুর্লভ বিষয়। জীবন সম্পর্কে, আত্মার স্বরূপ সম্পর্কে এবং মানবমনের সবচেয়ে গভীর জায়গার জটিল বিষয়গুলো জানার আগ্রহ থেকেই আমার দর্শন পড়ার প্রতি আগ্রহ জন্মেছে। তবে এখানে সবচেয়ে বেশি কাজ করে ধর্মের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ধর্মের প্রতি আমার দৃঢ় প্রত্যয় তৈরিতে দর্শনের অবদান অসীম।”
অন্যদিকে বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিসা আনজুম সারা দর্শনচর্চাকে আত্মপরিচয় ও চিন্তার স্বাধীনতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখেন। তার ভাবনার মূল জায়গায় রয়েছে মানুষের নিজেকে জানার চেষ্টা এবং চারপাশের ঘটনাকে প্রশ্ন করার মানসিকতা। দর্শন মানুষকে কোনো বিষয় অন্ধভাবে মেনে নেওয়ার পরিবর্তে তার কারণ, ভিত্তি ও যৌক্তিকতা অনুসন্ধান করতে উদ্বুদ্ধ করে। বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য, ভুল ধারণা ও বিভ্রান্তির মধ্যে যুক্তিনির্ভর চিন্তা একজন সচেতন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারে। তার কাছে দর্শনের শিক্ষা হলো নিজের মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামত শোনার এবং প্রয়োজনে নিজের ধারণা সংশোধন করার মানসিকতা তৈরি করা।
সিলেটের মদন মোহন কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিল মাহমুদের ভাবনায় দর্শন কেবল ব্যক্তিগত উপলব্ধির বিষয় নয়, বরং সমাজকে দেখার একটি গভীর দৃষ্টিভঙ্গি। সমাজে ন্যায়বিচার, মানবিকতা, সাম্য, স্বাধীনতা ও মানুষের অধিকার নিয়ে যে প্রশ্নগুলো প্রতিনিয়ত সামনে আসে, সেগুলোর যথাযথ বিশ্লেষণে দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। তার দৃষ্টিতে, একটি সমাজ তখনই প্রকৃত অর্থে অগ্রসর হতে পারে, যখন সেই সমাজের মানুষ যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে এবং কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তার নৈতিক ও মানবিক দিক বিবেচনা করে। দর্শন মানুষকে নিজের স্বার্থের বাইরে গিয়ে সামগ্রিক কল্যাণ নিয়ে ভাবতে শেখায়। তাই শিক্ষার্থীদের মধ্যে দর্শনচর্চা বাড়ানো এবং দৈনন্দিন জীবনে এর প্রয়োগ ঘটানো জরুরি বলে মনে করেন তিনি।
এমসি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম আহমদের ভাবনায় দর্শন হলো জ্ঞান, যুক্তি ও বাস্তবতার মধ্যে সম্পর্ক খুঁজে দেখার একটি প্রক্রিয়া। মানুষের জীবনে প্রতিনিয়ত নানা সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকা যুক্তি, নৈতিকতা এবং সম্ভাব্য পরিণতি বিবেচনা করা হয় না সব সময়। দর্শনের চর্চা মানুষকে সেই জায়গায় সচেতন করে তোলে। তাঁর ভাবনায়, দর্শন পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু দার্শনিক মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করেন না, বরং নিজের চিন্তাকে শৃঙ্খলিত করতে শেখেন। বর্তমান সময়ে অসহিষ্ণুতা, মতপার্থক্য ও সামাজিক বিভাজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে দর্শনের চর্চা আরও বেশি প্রয়োজন।
চার শিক্ষার্থীর ভাবনায় দর্শনের প্রয়োগ ও উপলব্ধির জায়গায় কিছুটা ভিন্নতা থাকলেও একটি বিষয়ে তাদের চিন্তার মিল রয়েছে দর্শন মানুষকে চিন্তা করতে শেখায়। কেউ দর্শনের মধ্যে খুঁজে পান আত্মার স্বরূপ ও বিশ্বাসের ভিত্তি, কেউ আত্মপরিচয় ও স্বাধীন চিন্তার পথ, আবার কেউ সমাজের ন্যায়বিচার ও মানবিকতার প্রশ্নের উত্তর অনুসন্ধানের সুযোগ। বিশ্বজুড়ে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যের বিস্তারের এই সময়ে দর্শনের প্রয়োজনীয়তা নতুন মাত্রা পেয়েছে। প্রযুক্তি মানুষকে দ্রুত তথ্য দিচ্ছে, কিন্তু সেই তথ্যের সত্যতা যাচাই, নৈতিক ব্যবহার এবং এর সামাজিক প্রভাব নিয়ে চিন্তা করার দায়িত্ব মানুষেরই। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যক্তিগত গোপনীয়তা, মানবিক মূল্যবোধ, পরিবেশগত সংকট কিংবা সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলোও এখন দার্শনিক অনুসন্ধানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
দর্শনের প্রকৃত চর্চা শুরু হয় তখনই, যখন মানুষ প্রশ্ন করতে শেখে, যুক্তির মুখোমুখি দাঁড়ায় এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। কারণ, একটি প্রশ্নই কখনো কখনো বদলে দিতে পারে মানুষের চিন্তার জগৎ, আর সেই পরিবর্তিত চিন্তাই হয়ে উঠতে পারে একটি সচেতন, মানবিক ও যুক্তিনির্ভর সমাজ গঠনের ভিত্তি।