রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নৈরাজ্যবিরোধী মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ‘নৈরাজ্য-কে না’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে শুরু হওয়া মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি নৈরাজ্যবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এরপর সকাল সাড়ে ১০টায় ভাষা শহিদ রফিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিগত সতেরো-আঠারো বছরের শাসনামলে দেশে ভিন্নমত দমন, জুলুম, অত্যাচার ও নানা ধরনের অনিয়ম-অবিচার হয়েছে, যার প্রভাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও পড়েছিল। শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও সহিংসতার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের এসব অনিয়ম, দুর্নীতি ও জুলুমের সঙ্গে যারা জড়িত, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করা হবে। নিরাপদ ক্যাম্পাস ও বাসযোগ্য দেশ গঠনের স্বার্থে এই বিচার অপরিহার্য।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আমরা সকলকে সংঘাত ও বিভেদ ভুলে গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি। ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা, ষড়যন্ত্র কিংবা সহিংস কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে; কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।"
আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না উল্লেখ করে উপাচার্য সকলকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ ও স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত সকলে হাত তুলে নৈরাজ্য-কে ‘না’ বলে সমর্থন জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, "ধর্ম, বর্ণ ও মতপার্থক্য নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়। একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। কোনো সচেতন নাগরিক নৈরাজ্য ও সহিংসতাকে সমর্থন করতে পারেন না। কেউ প্রশাসনের এই অবস্থানের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধান ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, সাদা দলের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান, কর্মকর্তা সমিতির সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতিবৃন্দ।
ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জবি শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ, জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার প্রতিনিধি আসিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জবি শাখার সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সজিব ইসলাম। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন