বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলে ফের শোকজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুনরায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এ-সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর প্রথম দফায় প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছিল।

বোর্ডের নোটিশ অনুযায়ী, তালিকাভুক্ত ৮৬টি প্রতিষ্ঠান টানা তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি করেনি। প্রতিষ্ঠান অনুমোদনের নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে তার পাঠদানের অনুমোদন বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’-এর উপনীতি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাঠাগারসহ অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি বাতিল করতে পারবে বোর্ড।

নোটিশে আরও বলা হয়েছে, টানা তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত রাখাসহ পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না কেন, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে হবে।

Link copied!