সোমবার ১৬, নভেম্বর ২০২৬

সোমবার ১৬, নভেম্বর ২০২৬ -- : -- --

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেটের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোববার (১৫ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মেধা ও মননের পূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাওছার আহমদ কয়েছ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাম্মাদ সাঈদ এবং পবিত্র গীতা পাঠ করেন বিজয় মালাকার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উৎস দেবনাথ ও নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা জান্নাত আছিয়া।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!