বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

কোথায় কবে ভর্তি পরীক্ষা, জেনে নিন ১১ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি তুলে ধরা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউজিসির আহ্বানের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১১ নভেম্বর ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদনের সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিন আবেদন করার সুযোগ পাবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন শুরু হবে ২১ নভেম্বর ২০২৬।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার পূর্বঘোষিত সূচি বহাল রয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষার সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা নেওয়ার কথা ছিল।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ৮ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৫ ডিসেম্বর ২০২৬ পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল।

মেডিক্যাল ও ডেন্টাল কলেজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।

এদিকে, ইউজিসির অনুরোধের পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সূচিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। এতে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় তাঁদের আবেদনের সুযোগ দিতে সময় বাড়িয়েছে, আবার কয়েকটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে।

Link copied!