মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --

বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সম্পর্ক জোরদারে ইউজিসির উদ্যোগ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতের চাহিদার সঙ্গে যুক্ত করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে সমন্বয় করছে ইউজিসি।

গত (১৫ আগস্ট ২০২৬) খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা: উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব উদ্যোগের কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

ইউজিসি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো—উচ্চশিক্ষার কারিকুলাম পর্যালোচনা ও হালনাগাদে শিল্পখাতকে যুক্ত করা, শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ তৈরি, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল শিল্পখাতে প্রয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও নতুন প্রযুক্তিকে শিল্পখাতের উন্নয়নে কাজে লাগানো।

দেশের শিল্পখাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে ৩০টি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। এসব কেন্দ্রে তৃতীয় ভাষা শিক্ষা, প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য সরকারের বিভিন্ন অর্থায়ন ও সহায়তা কার্যক্রমের কথাও সেমিনারে তুলে ধরা হয়। প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবননির্ভর উদ্যোগে এসব অর্থায়ন কার্যকরভাবে কাজে লাগানো গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সেমিনারে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে তৈরি জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতের বাস্তব উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি শিল্পখাতের চাহিদা ও অভিজ্ঞতাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় যুক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর মেলবন্ধন তৈরি হবে।

টেকসই উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বিত অংশীদারিত্বের ওপরও গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী দক্ষ করে তোলা এবং গবেষণা ও উদ্ভাবনের ফল বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখার সুযোগ তৈরি হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন রশিদ খান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

Link copied!