বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাবিতে কারুশিল্পের বার্ষিক প্রদর্শনী শুরু,পুরস্কৃত ৭ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে বিভাগের ৯০ জন শিক্ষার্থীর ২৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সাত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ উপলক্ষে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহাম্মদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক মুহাম্মদ সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা। অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ সময় চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, চারুকলার শিল্পীদের সৃজনশীল শিল্পকর্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এসব শিল্পকর্ম বিশ্বদরবারে তুলে ধরতে পারলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী ইতিবাচক ধারণা গড়ে উঠবে।

তিনি বলেন, বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী শিল্পগুলো খুঁজে বের করা এবং সেগুলো নিয়ে গবেষণা করা প্রয়োজন। বিজ্ঞানের সঙ্গে শিল্পের সমন্বয় ও সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, তা নিয়েও গবেষণার সুযোগ রয়েছে।

দেশের টেক্সটাইল খাতের উন্নয়নেও কারুশিল্পের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের মাধ্যমে এ সম্ভাবনা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীতে স্থান পাওয়া ২৪৫টি শিল্পকর্মের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—লোপামুদ্রা সরকার, মোছা. মৌমিতা রহমান অহনা, সামিয়া আক্তার যুথী, ফাহমিদা আক্তার, ইউসুফ হায়দার আরিব, নিহা তাবাচ্ছুম অরনি এবং মাহমুদা আক্তার মৌশি।

Link copied!