বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

সাঁওতাল শিশুদের স্বপ্ন ও শিক্ষার চ্যালেঞ্জ তুলে ধরছে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তবে নানা সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতায় এখনো অনেক শিশু শিক্ষার সমান সুযোগ থেকে বঞ্চিত। সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরতে উদ্যোগ নিয়েছে হাল্ট প্রাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭।

সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং সুন্দর ভবিষ্যৎ নিয়ে তাদের প্রত্যাশার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানা। আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাঁদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।

কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়-এমন প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে উদ্যোগটিতে। কারণ, শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়; এটি প্রতিটি শিশুর অধিকার।

‘আবেহাও’ একটি নতুন সকালের প্রত্যাশার প্রতীক। এমন এক সকালের, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে থাকবে না। সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার ও সম্ভাবনাকে সামনে রেখে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’ এগিয়ে নিতে চায় নতুন উদ্যোগ।

Link copied!