প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া (ইমন)। বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে জনস্বার্থে তাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ২০০২ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষকতা শুরু করেন। পরে ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগ দেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে মিডিয়া আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক মানবিক আইন, গণমাধ্যম আইন, দুর্যোগ আইন এবং এশিয়া-আফ্রিকার আইনব্যবস্থা বিষয়ে তার গবেষণা ও একাধিক প্রকাশনা রয়েছে। তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তবে তার নিয়োগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভাগের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কখনো তার ক্লাস করেননি কিংবা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখেননি।
অন্যদিকে সহকর্মীরা বলছেন, দীর্ঘদিন বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ কম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, নাজমুজ্জামান ভূঁইয়া একজন মেধাবী শিক্ষক ও গবেষক। দীর্ঘদিন বিভাগের বাইরে বিভিন্ন দায়িত্বে থাকায় নতুন শিক্ষার্থীরা তাকে না-ও চিনতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক আইন বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা পিএসসির নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে।
