বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেলেন রাবি উপাচার্য

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

ফাইল ফটো

বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য বুধবার দিবাগত রাতে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে উপাচার্যের অংশগ্রহণের মাধ্যমে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাবির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। চীনা ভাষা ও সংস্কৃতির প্রসার, পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করা এ ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। এ প্রেক্ষাপটে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে উপাচার্যের অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Link copied!