মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁরা দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মাধবপুরের নয়াপাড়া-কাওসারনগর এলাকায় ডাকবাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ বিষয়ে মাধবপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া-কাওসারনগর এলাকায় ডাকবাহী মেইল গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে মোকাবিল গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।