বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরে প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেটের কার্যক্রম সচল করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম দিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। 

আগামী ১৬ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আল্টিমেটামের কথা জানানো হয়। 

দাবি দুটি হলো,আগামী ১৬ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান ও কার্যক্রম সচল করা।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস।

বিবৃতিতে বলা হয়, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবি জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শুরু হওয়া গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। একই সঙ্গে নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করা প্রয়োজন।

এ ছাড়া রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে 'রাবি সংস্কার আন্দোলন'। বিবৃতিতে বলা হয়, রাকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ডাকসু, জাকসু ও চাকসুর পরবর্তী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সংসদগুলোর কার্যকারিতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক ও সাবেক রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, 'আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি, তারাও নিজ নিজ জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাবে। আমি আমার ৩০ হাজার শিক্ষার্থীকেই বলছি—এই ছাত্র সংসদ বন্ধ হয়ে গেলে ক্যাম্পাসে সেই ত্রাসের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, সিট বাণিজ্যের রাজনীতি এবং বাকি খাওয়ার রাজনীতি আবার ফিরে আসবে।'

ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'শিক্ষার্থীরা যদি চায়, তাদের ক্যাম্পাসে শান্ত-সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিমূলক একটি জায়গা থাকুক, তাহলে রাকসুসহ অন্যান্য ছাত্র সংসদের ব্যাপারে তাদের সরব হতে হবে।'

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আম্মার বলেন, 'আপনারা এই ক্যাম্পাসগুলোকে আবারও সেই পুরোনো ‘ক্যান্টনমেন্ট’ হতে দেবেন না। শিক্ষার্থীদের হল ও ভবনগুলো শিক্ষার্থীদেরই থাকতে দিন এবং কাউকে অনৈতিক হস্তক্ষেপ করতে দেবেন না।'

Link copied!