বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ১৫ জন গবেষক তাঁদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে গবেষণা সেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসান।

এ সময় অবজারভেশন বোর্ডের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর।

কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারী ১৫ জন গবেষক তাঁদের গবেষণার বিষয়বস্তু, পদ্ধতি, প্রাপ্ত ফলাফলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গবেষণার গুণগত মান ও ফলাফল মূল্যায়নের অংশ হিসেবে অবজারভেশন বোর্ডের সদস্যদের সামনে নিজেদের গবেষণার বিভিন্ন বিষয় উপস্থাপনের সুযোগ পান তাঁরা।

এ বিষয়ে গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান বলেন, "আমরা গত অর্থবছরে গবেষণায় যে অর্থায়ন করেছিলাম সেটারই মূল্যায়ন ছিল। আমাদের পর্যবেক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর গবেষণার মান যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।"

সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাইয়েবা তাবাসসুম বলেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গবেষণা খাতে উনি আগের চেয়ে অনেক বেশি বরাদ্দ দিচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর গবেষণা খাতে যে অর্থায়ন করা হয় সেটারই অংশ হিসেবে আমি তরুণদের মাদকাসক্তির সাথে অপরাধের প্রবণতা নিয়ে গবেষণা করেছি।"

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

Link copied!