প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। এ আয়োজনে প্রতিষ্ঠানের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) এবং প্রফেশনাল ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী গ্র্যাজুয়েটদের অর্জিত সাফল্য ও অধ্যবসায়কে উদযাপন করা হয়।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে সনদ ও সম্মাননা তুলে দিয়ে তাঁদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি এবং পেশাগত জীবনের সম্ভাবনাময় নতুন দ্বারের সূচনা করা হয়।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ, বিশিষ্ট সংগীতশিল্পী দিথী আনোয়ার, পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের পরিচালক নাফিসা নশিন, পিজিডি অ্যাডভাইজার ও সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান কাজী মাহমুদুল হক, মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজমান আলী এবং প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা একটি জীবনব্যাপী যাত্রা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তি বর্তমান বিশ্বকে দ্রুত বদলে দিচ্ছে। এই পরিবর্তনশীল বিশ্বে সফল হতে হলে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি শেখা ও দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা দক্ষতাভিত্তিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমই একজন শিক্ষার্থীকে পেশাগত জীবনে সাফল্য এনে দেয়। সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এআই এবং ওয়েব ডেভেলপমেন্টের মতো উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে পিপলএনটেক দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে।
সমাবর্তন উদযাপনের মধ্য দিয়ে পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির সংকল্প পুনর্ব্যক্ত করে।
