প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ এক অভিনন্দন বার্তায় উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দলের এ অর্জন খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের স্বীকৃতি। তিনি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সাফল্য কামনা করেন। একই সাথে উপ-উপাচার্য (শিক্ষা) দলের খেলোয়াড়দের পাশাপাশি দাবা পরিচালনা কমিটির ম্যানেজার অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী ম্যানেজার অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদ, কোচ উথোয়াইচিং রোয়াজাসহ দাবা দলের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের ২৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাত রাউন্ডের খেলায় পাঁচটি জয় ও ১০ পয়েন্ট অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল।
