প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এসব দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ রোববার বেলা তিনটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষকদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিনটি দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে প্রায় এক বছর পার হলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেলেও আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আমরা আশা করি, ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সহকারী শিক্ষকেরা।
