প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান। একই সঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ দুটি পদে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সংগঠন ‘জিয়া পরিষদ’।
শনিবার (১৭ অক্টোবর ) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মনছুর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক নাহরীন ইসলাম খান একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজ ও রাজনীতিসচেতন ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও স্পষ্ট আদর্শিক অবস্থান সর্বমহলে প্রশংসিত। অর্পিত দায়িত্ব তিনি মেধা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সফলভাবে পালন করতে পারবেন বলে মনে করে জিয়া পরিষদ।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি জাবির শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এতে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে।
একই বিজ্ঞপ্তিতে অধ্যাপক নাহরীন ইসলাম খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করা হয়।
