সোমবার ১৯, অক্টোবর ২০২৬

সোমবার ১৯, অক্টোবর ২০২৬ -- : -- --

ব্র্যাক ইউনিভার্সিটি ও ইডকল বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

সংগৃহীত

প্রকল্পের অর্থায়ন, সৌরবিদ্যুৎ ও এআইভিত্তিক পরিবেশবান্ধব লজিস্টিকস নিয়ে শুরু হবে যৌথ প্রশিক্ষণ

বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতের জন্য পেশাগত ও বিশেষায়িত শিক্ষা কার্যক্রম যৌথভাবে চালু করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। রোববার ১৮ অক্টোবর ২০২৬ এই বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের আওতায় এক সাথে প্রশিক্ষণ কার্যক্রম তৈরি ও পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান।

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস (সিইএল) এর শিক্ষা ও গবেষণার সক্ষমতা রয়েছে। অন্যদিকে, অবকাঠামো খাতে অর্থায়ন ও টেকসই বিনিয়োগে ইডকলের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। এই দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণ কার্যক্রমগুলো তৈরি করা হবে।

প্রাথমিকভাবে কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রকল্পের অর্থায়ন, আর্থিক মডেলিং এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের নকশা ও বাস্তবায়ন। এ ছাড়া সাপ্লাই চেইন ও লজিস্টিকস পরিচালনার ওপরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পরিবেশবান্ধব লজিস্টিকসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সমঝোতা স্মারকে শিক্ষা, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার একটি বিস্তৃত কাঠামোও নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে অবকাঠামো খাত এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে  বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারও। ফলে জটিল প্রকল্পের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নে দক্ষ পেশাজীবীদের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে প্রশিক্ষণ কার্যক্রমগুলো হাতে নেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণে বাস্তব কাজের উপযোগী দক্ষতা বাড়ানো এবং শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে শেখার সঙ্গে বাস্তব কাজের যোগসূত্র তৈরি করতে চায় ব্র্যাক ইউনিভার্সিটি।

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, “এ বছর আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উদযাপন করছি। এই সময়ে এ ধরনের পার্টনারশিপ আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। সিইএলের গবেষণা ও ইডকলের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। এই দক্ষতা বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Link copied!