ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম
সোমবার ১৯, অক্টোবর ২০২৬ -- : -- --
ফাইল ছবি
সিলেটের তরুণ লেখক ও শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি সাফল্য অর্জন করেছেন। ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬’-এ ব্রোঞ্জ পুরস্কার পেয়েছেন তিনি। প্রতিযোগিতার আয়োজকদের ই-মেইলের মাধ্যমে তাঁর এই অর্জনের খবর নিশ্চিত করা হয়েছে।
আরাফ দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক উদ্যোগে। তিনি দেশের অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর বিভাগ ‘হ্যালো’তে শিশু সাংবাদিক হিসেবে কাজ করছেন। তাঁর লেখায় শিশুদের অধিকার, শিক্ষার সুযোগ এবং সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুসারে, ২০২৬ সালের এই প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে মোট ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে। এত বিপুলসংখ্যক লেখার মধ্য থেকে ব্রোঞ্জ পুরস্কার অর্জন আরাফের সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাম্পাস রিপোর্টকে আরাফ জানান, এই অর্জন তাঁর কাছে অত্যন্ত আনন্দের। তাঁর মতে, লেখালেখির কাজ কেবল ব্যক্তিগত চিন্তা ও অনুভূতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সামনে আনা এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাও সম্ভব। এই বিশ্বাস থেকেই তিনি ভবিষ্যতেও নিয়মিত লেখালেখি চালিয়ে যেতে চান।
আন্তর্জাতিক পর্যায়ে এটিই তাঁর প্রথম উল্লেখযোগ্য স্বীকৃতি নয়। এর আগে ২০২৬ সালের ‘ইন্টারন্যাশনাল চিলড্রেন’স পিস প্রাইজ’-এর জন্য মনোনীত হয়েছিলেন আরাফ। নতুন এই অর্জন তাঁর পথচলায় যোগ করল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ব্যক্তিগত বিকাশের পাশাপাশি লেখালেখি অব্যাহত রাখার প্রত্যাশা তাঁর। বিশেষ করে শিশুদের অধিকার, শিক্ষা এবং সমাজের নানা অসংগতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে যেতে চান তিনি। তরুণ বয়সেই লেখালেখি ও শিশু সাংবাদিকতার মাধ্যমে এসব বিষয়ে ভূমিকা রাখার এই প্রচেষ্টা তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।