সোমবার ১৯, অক্টোবর ২০২৬

সোমবার ১৯, অক্টোবর ২০২৬ -- : -- --

ডেঙ্গু প্রতিরোধে  রাবির হাল্ট প্রাইজের ‘মিশন জিরোবাইট’

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাল্ট প্রাইজের ২০২৬ সালের কার্যক্রম শুরু হয়েছে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র মাধ্যমে। এ কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘মিশন জিরোবাইট’। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

'প্রজেক্ট জিরোবাইট' এর মূল প্রতিপাদ্য “Zero Bites, Zero Dengue, A Healthier Tomorrow”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এ বিষয়ে হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসতে উৎসাহিত করাই ‘মিশন জিরোবাইট’-এর অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত হবে বলে আমরা আশাবাদী।"

Link copied!