শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম
বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শরীফ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ‘জাতীয়তাবাদী আদর্শে শীতসহিষ্ণু বৃক্ষচারা বিতরণ কর্মসূচি’ নামে এ আয়োজন করা হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এবং কিন স্কুলের শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল পেয়ারা, কাঠবাদাম, জলপাই, নিম, আমলকী, তাল, জাম, সুপারি, পাম, ক্যাকটাস, অ্যালোভেরা ও বিভিন্ন ফুলের গাছ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের এ ধরনের পরিবেশবান্ধব সামাজিক কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
উপাচার্য আরও বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে টিউশনির টাকা জোগাড় করে যেভাবে সে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা অন্যদের জন্য অনুকরণীয়। আমাদের আহ্বান থাকবে, অন্যান্য সংগঠন ও ছাত্রনেতারাও যেন শিক্ষার্থী ও ক্যাম্পাসের কল্যাণে কাজ করেন।’
কর্মসূচি সম্পর্কে ছাত্রদলের সহসভাপতি শরীফ আহমেদ বলেন, ‘পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং পরিবেশের প্রতি ভালোবাসা থেকে আমার এই সামান্য প্রচেষ্টা। আমি মনে করি, এই উদ্যোগ দেখে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে। জাতীয়তাবাদী আদর্শের জায়গা থেকে একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার দায়বদ্ধতা অনুভব করি। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক পাবেল শাহরিয়ার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।