ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
শুক্রবার ১৬, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সোহেল ক্যাম্পাস রিপোর্টকে বলেন, “সুস্থ থাকতে হলে ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হওয়া জরুরি। খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগের কারণ হতে পারে। তাই শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়ার বিষয়ে সচেতন হতে হবে। ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলে নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও সুস্থ রাখতে ভূমিকা রাখা সম্ভব।”
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবিবা নুজহাত বলে, আমাদের শিক্ষকরা সব সময় হাত ধোয়ার বিষয়ে সচেতন করেন। তাঁরা আমাদের খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে বলেন। শিক্ষকদের এসব পরামর্শ মেনে চললে আমরা অনেক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারব। আমি নিজে নিয়মিত হাত ধুই এবং আমার সহপাঠীদেরও হাত ধোয়ার বিষয়ে সচেতন হওয়ার কথা বলি।
উল্লেখ্য, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। ২০০৮ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার সংস্কৃতি গড়ে তোলা, স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করা এবং রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা।
শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।