শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
শুক্রবার ০৯, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আট শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত এ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী বিজ্ঞান গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এলসেভিয়ারের পক্ষ থেকে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়। এতে গবেষণাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের পাশাপাশি শাবিপ্রবির আট শিক্ষক স্থান পেয়েছেন।
তালিকায় স্থান পাওয়া শাবিপ্রবির শিক্ষকরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স(সিইপি) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান ও অধ্যাপক ড. মিজানুর রহমান খান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি(বিএমবি) বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী ও সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি(জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক ড. জাবেদ ফয়সাল।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের এ তালিকা গবেষকদের বৈজ্ঞানিক গবেষণার প্রভাব ও বিভিন্ন গবেষণা সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এতে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্সসহ গবেষণার সামগ্রিক প্রভাব বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি গবেষণায় সহ-লেখকদের ভূমিকা ও সংশ্লিষ্ট গবেষকের নির্দিষ্ট অবদানও মূল্যায়নের আওতায় থাকে।
এ মূল্যায়নের জন্য এলসেভিয়ারের গবেষণা তথ্যভান্ডার স্কোপাসের তথ্য ব্যবহার করা হয়। গবেষকদের ২২টি বৈজ্ঞানিক শাখা ও ১৭৪টি উপশাখায় ভাগ করে বিভিন্ন সূচকের ভিত্তিতে তাঁদের গবেষণার প্রভাব মূল্যায়ন করা হয়।
তালিকাটি মূলত দুটি ধরনের গবেষণা প্রভাবকে বিবেচনায় নেয়। এর একটি হলো গবেষকের পুরো কর্মজীবনের গবেষণার সামগ্রিক প্রভাব এবং অন্যটি হলো নির্দিষ্ট একটি বছরের গবেষণার প্রভাব। ফলে তালিকায় স্থান পাওয়া গবেষকদের দীর্ঘমেয়াদি ও সাম্প্রতিক গবেষণা অবদানের প্রতিফলন দেখা যায়।