মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --
সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ইমরান আহমেদ (২০) এবং মাসুম আহমদ (১৯)
মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১টি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট ও ১টি টি-শার্ট, আইডি কার্ডের ছবি ৩টি এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ইমরান আহমেদ (২০), পিতা সামছুদ্দিন মিয়া ও মাসুম আহমদ (১৯), পিতা বিলাল মিয়া। তাদের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর দুপুরে আনুমানিক ২ টার দিকে তারা মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করে। এ সময় তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়, সঙ্গে থাকা আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শন করে এবং মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি স্টল মালিক ও কর্মচারীদের দেখায়।
একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করে এবং চাঁদা না দিলে গ্রেফতার ও হেনস্তার ভয়ভীতি দেখায়।
বিষয়টি ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী সুযোগ বুঝে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও সেনা পোশাকসদৃশ আলামত জব্দ করা হয়েছে।
মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।