মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --
কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত
মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বর্ষিজোড়া এলাকায় নাঈমের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। পরে রনি ও তার বাবা নুরুলসহ কয়েকজন তাকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাঈম।
ঘটনার পর নাঈমের বাবা চেরাগ মিয়া ১০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দিলেন।