মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
মৌলভীবাজার পৌরসভায় জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র পেতে সাধারণ মানুষের চরম হয়রানির অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইহাম মুজাহিদ।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "মৌলভীবাজার পৌরসভার নাগরিকরা আজ মৌলিক সেবাগুলো থেকে বঞ্চিত। সামান্য একটি জন্মনিবন্ধন সনদ, প্রত্যয়নপত্র কিংবা নাগরিক সনদ সংগ্রহ করতে সাধারণ মানুষকে দিনের পর দিন পৌর কার্যালয়ে ঘুরে বেড়াতে হয়। পৌরসভার ভেতরে জেঁকে বসা দুর্নীতি এবং দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।"
তিনি আরও অভিযোগ করেন, পৌর সেবাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ও ভোগান্তি দিন দিন বাড়লেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। পৌরবাসীর ঘামে অর্জিত অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানের সেবা সাধারণ মানুষের নাগালে রাখতে অবিলম্বে দুর্নীতি ও অবহেলা বন্ধ করার দাবি জানান তিনি।
তাৎক্ষণিকভাবে পৌরসভায় জন্মনিবন্ধন ও প্রত্যয়নপত্র প্রদানে অতিরিক্ত হয়রানি রোধ এবং দ্রুততম সময়ে স্বচ্ছ সেবা নিশ্চিত করার আহ্বান জানান এই ছাত্রদল নেতা।
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার বক্তব্য জানতে চাইলে পৌর প্রশাসক/ নির্বাহী কর্মকর্তা বলেন, "জন্মনিবন্ধন সার্ভারের জটিলতা ও জনবল সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। দুর্নীতির অভিযোগ সত্য নয়। আমরা নাগরিক সেবা দ্রুত ও স্বচ্ছ করতে কাজ করছি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"