রবিবার ২৬, জুলাই ২০২৬

রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --

বাঞ্ছারামপুরে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আওতাধীন বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট-এর উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), বাঞ্ছারামপুর ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত বোর্ড সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ। পরিবেশ রক্ষায় সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইমন হাসান, প্রশিক্ষণ বিষয়ক বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম, এটিআই প্রতিনিধি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাঞ্ছারামপুরের সদস্য মাহবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), বাঞ্ছারামপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ হুমায়ুন কবির (প্রশিক্ষক) এবং কৃষিবিদ মনির হোসেন (প্রশিক্ষক)। এছাড়াও প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠান ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব সংকট মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনের উৎসই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটি ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!