বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

রুয়েটে স্বপদে বহাল জুলাই হামলা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রোজ জুলাই হামলাসংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর কর্মস্থলে পুনরায় যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাইসুল ইসলাম রোজ ২০০৮-০৯ শিক্ষাবর্ষে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে সেকশন অফিসার হিসেবে নিয়োগ পান। অতীতে তাঁর বিরুদ্ধে আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগও ওঠে।

জানা গেছে, গত ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর বোয়ালিয়া থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলার এজাহারে রাইসুল ইসলাম রোজের নাম রয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৫০৬ ধারাসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মামলার পর তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সম্প্রতি রুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত ৫৫৭০ নম্বর স্মারকে ‘কর্তব্য-কর্মে যোগদান প্রসঙ্গে’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে তাঁর যোগদানপত্র গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী বলেন, রাইসুল ইসলাম রোজের বিরুদ্ধে জুলাই হামলাসংক্রান্ত কোনো নথি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি-এ বিষয়েও প্রশাসন অবগত নয়। এ বিষয়ে যথাযথ অভিযোগ ও প্রয়োজনীয় নথি পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ২০২৩ সালের ৩১ আগস্টের একটি অনুসন্ধান নথিতে তৎকালীন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে যেসব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে রাইসুল ইসলাম রোজের নামও রয়েছে।

এ ছাড়া একই জুলাই হামলা মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি রফিকুল ইসলাম বিপু ও মুফতি মাহমুদ রনিও বর্তমানে রুয়েটে কর্মরত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!