বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

৪৭তম বিসিএসে রুয়েটের ২৭ ক্যাডার,পররাষ্ট্র-প্রশাসন-পুলিশে ১৩ জন

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম

ফাইল ফটো

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৭ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে প্রশাসন ও পুলিশ ক্যাডারে ৬ জন করে, পররাষ্ট্র ক্যাডারে ২ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪ জন, শুল্ক ও আবগারি (কাস্টমস) ক্যাডারে ৩ জন এবং রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ২ জন রয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। এ বিভাগ থেকে ১০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং যন্ত্রকৌশল বিভাগ থেকে ৪ জন করে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৩ জন এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই) ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগ থেকে একজন করে শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত রোববার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মোট ৩ হাজার ৬৮৮টি পদের কথা উল্লেখ ছিল। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদ। প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ১০০ এবং কৃষি ক্যাডারে ১৬৮টি পদসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুযোগ রাখা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রত্যাশী। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৭ এপ্রিল প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৫৭০ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৭৬৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ২৯৮ জন উত্তীর্ণ হন।

রুয়েটের সফলদের মধ্যে সবচেয়ে আলোচিত অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য। তিনি পুলিশ ক্যাডারে জাতীয় মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া কয়েকজন শিক্ষার্থী একাধিক বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে ধারাবাহিক সাফল্যের নজির গড়েছেন।

টানা তিনটি বিসিএসে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. নাঈম কবির বলেন, “বিসিএসে ভালো করতে হলে নিজের উপযোগী একটি প্রস্তুতির কৌশল তৈরি করে ধারাবাহিকভাবে তা অনুসরণ করতে হবে। দুর্বল দিকগুলো চিহ্নিত করে নিয়মিত অনুশীলন করতে হবে। বিশেষ করে লিখিত পরীক্ষায় উত্তর উপস্থাপনের ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লেখার দক্ষতার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য। কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। রুয়েটের সব শিক্ষার্থীর জন্য শুভকামনা।”

রুয়েটের এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন, আইন-শৃঙ্খলা, কূটনীতি, রাজস্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় খাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম আরও সমুন্নত রাখবেন। একই সঙ্গে এবারের এই অর্জন বর্তমান শিক্ষার্থীদের বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন উদ্দীপনা যোগাবে।

Link copied!