বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগ ও পদার্থবিদ্যা সমিতির যৌথ উদ্যোগে ‘নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১০.৩০টায় বিজ্ঞান অনুষদের লেকচার গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পদার্থবিদ্যা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভাগ। এটা বিজ্ঞানের একটি মাদার সাবজেক্ট। বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতিতে এ বিভাগের অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে প্রতিভা রয়েছে সেটা যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হতে হবে।

তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ জ্ঞান ও আধুনিক গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিজ্ঞান গবেষণায় চবির অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বৈচিত্র্যময় একটি জায়গা। এখানে নানামুখী জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে হবে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে অতিথি এবং নতুন শিক্ষার্থীদের ফুল বরণ করার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রফেসর হামিদা বানু মেমোরিয়াল ট্যালেন্ট এ্যাওয়ার্ড বৃত্তি প্রদান করা হয়। এছাড়া শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া, প্রফেসর ড. রেজাউল আজিম ও সহকারী অধ্যাপক মো. মহসীনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস.এম. খোরশেদ আলম। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রফেসর এ.কে.এম মাঈনুল হক মিয়াজী, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Link copied!