প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:০৪ এএম
রাজন হোসেন তৌফিক মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রামে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিব (২৬) এর লাশ একদিন পর ফেরৎ দিয়েছে ভারত। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে লাশ ফেরৎ দিয়েছে ভারতীয় বিএসএফ।
লাশ হস্তান্তরের সময় মুজিবের স্বজন, পুলিশ প্রশাসন, বিজিবি ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫টার পরে দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে ভারতীয় বিএসএফের গুলিতে দত্তগ্রামের আজিজুর রহমানের ছেলে মুজিব নিহত হন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করে ভারতের উনকোটি হাসপাতাল মর্গে নিয়ে যায়।
৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঘটনার বিষয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
মুজিবের মা, বোন ও স্বজনরা জানান, মনু নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে গুলি করে মেরে ফেলে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
লাশ হস্তান্তরের পর রাতেই মুজিবের গ্রামের বাড়ি দত্তগ্রামে দাফনের প্রস্তুতি চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
