সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে বাস সার্ভিস চালু

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে বাস সার্ভিস চালু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির একটি সিঙ্গেল বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ জুন ২০২৬ থেকে এ বাসসেবা চালু হবে।

রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক ড. মো. শিমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিসির একটি সিঙ্গেল বাস নির্ধারিত সময়সূচি অনুযায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাস, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, পায়রাচত্বর ও বাস টার্মিনাল রুটে চলাচল করবে।

এ সেবার আওতায় প্রতিদিন সকাল, বিকেল ও সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাস টার্মিনাল এবং বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য মোট চারটি ট্রিপ পরিচালিত হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে ক্যাম্পাস থেকে বাস টার্মিনালের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। পরে সকাল ৮টা ৩০ মিনিটে বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করবে বাসটি।

এ ছাড়া বিকেল ৪টা ৫ মিনিটে ক্যাম্পাস থেকে বাস টার্মিনালের উদ্দেশ্যে বাস ছাড়বে। সন্ধ্যা ৭টায় বাস টার্মিনাল থেকে ছেড়ে ঝিনাইদহ ক্যাম্পাসে পৌঁছাবে বাসটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং বিশ্ববিদ্যালয়ের ছুটির দিনগুলোতে এ পরিবহন সেবা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে ঝিনাইদহ ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়মিত যাতায়াতে সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Link copied!