সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

সিকৃবিতে গাভীর মাস্টাইটিস রোগে ফেজ থেরাপি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গাভীর মাস্টাইটিস  রোগে ফেজ থেরাপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন (রবিবার) সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে হিট প্রকল্পের ‘গাভীর মাস্টাইটিস (স্তনের প্রদাহ) রোগে ফেজ থেরাপি- স্তনস্বাস্থ্যের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, লাভজনক দুগ্ধখামার ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ ভিত্তিক টেকসই উন্নয়নের একটি বিকল্প সমাধান’। শীর্ষক উপ প্রকল্পের ইনসেপশন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে দুগ্ধ শিল্প দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু গবাদিপশুর মাস্টাইটিস রোগ এখনো দুগ্ধ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই রোগের কারণে দুধ উৎপাদন কমে যায়, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। এই প্রেক্ষাপটে ফেজ থেরাপি একটি সম্ভাবনাময়, পরিবেশবান্ধব এবং কার্যকর বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের দুগ্ধ শিল্পকে আরও টেকসই ও লাভজনক করে তুলতে এই সকল গবেষণা সহায়তা করবে। এ গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন, যেখানে মানুষ, প্রাণী এবং পরিবেশের স্বাস্থ্যকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে বিবেচনা করা হয়। স্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের আন্তঃবিষয়ক গবেষণার বিকল্প নেই।

উপ-প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) ও প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আল মামুন, সাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-প্রকল্পের সহকারী ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর ড. ফেরদাউস মোঃ আলতাফ হোসেন।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, গবেষক এবং প্যাথলজি বিভাগের পিএইচডি ও এম এস শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Link copied!