প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:৩১ পিএম
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির টানা ২৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রবিবার) থেকে পুনরায় চালু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে ক্যাম্পাসে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।
তিনি জানান, “আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। ছুটিকালীন সময়েও জরুরি সেবাগুলো চালু ছিল। তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল, ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পূর্বের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ছুটি শেষে নিয়মিত পাঠদান, পরীক্ষা, পরিবহন সেবা এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। এদিকে দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফিরে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে আবারও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
