শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

করমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের আয়, থাকছে না ভ্যাটও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:৩৭ এএম

সংগৃহীত ছবি

ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর সুবিধা আনতে যাচ্ছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তাদের সব ধরনের আয়ের ওপর কর অব্যাহতির পাশাপাশি সংশ্লিষ্ট সেবা খাত থেকে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার আগে থেকেই এ খাতকে কেন্দ্র করে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

এতদিন শুধুমাত্র আইটি ও ফ্রিল্যান্সিং সেবার আয়ের ওপর কর অব্যাহতি ছিল সীমিত আকারে। নতুন প্রস্তাবে এই সুবিধা সম্প্রসারণ করে সব ধরনের ফ্রিল্যান্সিং আয়কে সম্পূর্ণ করমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের মতে, এতে ফ্রিল্যান্সাররা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আয় দেশে আনার ক্ষেত্রে আরও উৎসাহিত হবেন।

একইসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপরও কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। সরকারের লক্ষ্য, সৃজনশীল ডিজিটাল অর্থনীতিকে আরও বিস্তৃত করা এবং তরুণদের উদ্ভাবনী কাজকে অর্থনৈতিকভাবে স্বীকৃতি দেওয়া।

বর্তমানে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকলেও প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টার্টআপ খাতকে উৎসাহ দিতে ২০৩৫ সাল পর্যন্ত স্থানীয় পর্যায়ে ভ্যাট এবং স্থাপনা ভাড়ার ওপর ভ্যাট মওকুফের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সরকার একটি বৈশ্বিক মানের ক্রিয়েটিভ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।

Link copied!