প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৪৬ পিএম
মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৮ মে। সেই উপলক্ষে সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাতদিনের ছুটি। আর ঈদের আগে আজ (২৪ মে) শেষ কর্মদিবস।
ঈদের আগে শেষ কর্মদিবসে আজ অফিস করছেন সচিবালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই সচিবালয়সহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই কাজকর্ম চলছে।
একই সঙ্গে, অনেকেই অফিসে হাজিরা দিয়ে বাস ও রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনালের দিকে ছুটছেন। অনেকেই সহকর্মীদের সঙ্গে সেরে নিচ্ছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময়।
২৮ মে ঈদুল আজহা ধরে থেকেই ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিনের ছুটির সুযোগ করে দেওয়া হয়েছে। এখন সরকারি চাকরিজীবীরা ২৫-৩১ মে পর্যন্ত ছুটি কাটাবেন। ১ জুন খুলবে সরকারি অফিস। ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর গত ২৪ মে সাতদিন ছুটি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
