প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:১৩ পিএম
বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হচ্ছে। একসেপ্ট ইসরায়েল যুক্ত হচ্ছে। ভিসা পাতায় ব্যক্তিতান্ত্রিত চর্চা ছিল। সেখানে পরিবর্তন আসবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা সব ধরনের পাসপোর্টে পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি সংযোজন করা হবে। বর্তমানে ব্যবহৃত পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় নাগরিকরা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। এতে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না।
উল্লেখ্য, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
