বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

ফাঁসির রায়, তবু শেষ হয়নি আছিয়ার বিচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:৪১ পিএম

মাগুরার আলোচিত শিশু আছিয়া

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার এক বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি মৃত্যুদণ্ডের রায়। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে আছিয়ার পরিবার। শিশুটির মা আয়েশা খাতুন বলছেন, মেয়েকে হারানোর কষ্টের সঙ্গে এখন যোগ হয়েছে বিচারের দীর্ঘ অপেক্ষা।

গত বছরের এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিচারিক আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিলেও মামলাটি বর্তমানে উচ্চ আদালতের আপিলে রয়েছে। ফলে কবে রায় কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তায় পরিবার।

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ছোট্ট টিনের ঘরে এখনো মেয়ের স্মৃতি আঁকড়ে দিন কাটাচ্ছেন আছিয়ার মা। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনার পর অনেকে পাশে থাকার আশ্বাস দিলেও এখন আর কেউ খোঁজ নেয় না। সংসার চলছে একটি গাভির দুধ বিক্রি করে।

আছিয়ার মা বলেন, “খুনি জেলে বসে ভালো আছে, আর আমরা প্রতিদিন কষ্ট নিয়ে বাঁচছি। এত দেরি হলে ভয় হয়, শেষে যদি বিচারই না পাই।”

২০২৫ সালের ৫ মার্চ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে হত্যার শিকার হয় আট বছরের আছিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, হিটু শেখের করা আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন। তারা দ্রুত শুনানি শেষে রায় কার্যকরের আশা করছেন। এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আলোচিত মামলাগুলোর বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকলে অপরাধীদের মধ্যে ভয় কমে যায়।

Link copied!