প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৬:২৭ এএম
সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)-এর বাংলাদেশ চ্যাপ্টার চলতি বছর ঢাকায় ফোরামের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি নাসির আল মামুন।
প্রস্তাবিত এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। সম্মেলনে পেশাগত সহযোগিতা জোরদার, সার্ক-কে পুনরুজ্জীবিত করা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বৈঠকে নির্বাহী কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, ঢাকার এই সম্মেলন গণমাধ্যম, গণতন্ত্র ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এসময় সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য খন্দকার কাওসার হোসেন-কে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানানো হয়। ফোরামের নেতারা বলেন, এটি তার পেশাগত দক্ষতা ও দীর্ঘদিনের সাংবাদিকতার স্বীকৃতি।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসিফ হাসান নবি ও মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মতিউর রহমান, কোষাধ্যক্ষ রেজা মাহমুদ এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আজাদ, মো. মোস্তফা খান, মুস্তাক আহমেদ মুবারকি, আয়ন আহমেদ ও এম এম গিয়াস উদ্দিন।
বৈঠক শেষে সার্ক জার্নালিস্ট ফোরামের লক্ষ্য বাস্তবায়ন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
