বুধবার ২০, মে ২০২৬

বুধবার ২০, মে ২০২৬ -- : -- --

চূড়ান্ত পর্যায়ে বগা সেতু প্রকল্প, শিগগিরই শুরু হতে পারে নির্মাণকাজ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২৬ এএম

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বহুল প্রত্যাশিত বগা সেতু নির্মাণ প্রকল্প চূড়ান্ত বাস্তবায়ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, সেতুর ডিজাইন প্রায় চূড়ান্ত এবং বর্তমানে চীনের সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সম্পন্ন হওয়ার প্রক্রিয়া চলছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে পটুয়াখালীর বাউফলের চর গরাবদী এলাকায় বগা সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, “বগা সেতু দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় ছিল। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

তিনি আরও বলেন, একটি টেলিভিশন চ্যানেলে শিশু আবিরার বগা সেতু বাস্তবায়নের দাবি সরকারের নজরে এসেছে। পরে প্রধানমন্ত্রী দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন। গত ২০ দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রকল্প নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীর পক্ষ থেকে সেতুমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আবিরার প্রচেষ্টা সেতুর কাজকে আরও বেগবান করেছে। তার কথায় মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয় স্পর্শ করেছে।”

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, স্নেহাংশু সরকার কুট্টি এবং অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Link copied!