বুধবার ২০, মে ২০২৬

বুধবার ২০, মে ২০২৬ -- : -- --

শ্রীমঙ্গলে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, মালামাল উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

ছিনতাইকারী চক্রের মূল হোতা খালেদ আহমেদকে গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের মূল হোতা খালেদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ নিয়মিত চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেল ব্যবহার করে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় নির্জন স্থানে নারীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করছিল। গত ৩ মে শ্রীমঙ্গলের রূপসপুর এলাকায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নামে পুলিশ।

এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ যাচাই-বাছাই শেষে চক্রের মূল হোতা খালেদ আহমেদকে শনাক্ত করা হয়।

পরবর্তীতে ১৮ মে ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের জালাবাদ থানার আখালিয়া গেইট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খালেদ আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি গ্রামের বাশির মিয়ার ছেলে।

তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন ও পার্সব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, খালেদ দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে। এ ঘটনায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

Link copied!