ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:২৩ এএম
বুধবার ২০, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
টানা ২৩ দিনের ছুটি পাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীরা। ঈদের ছুটির সাথে গ্রীষ্মকালীন অবকাশ সমন্বয়ের ফলে দীর্ঘ বন্ধ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তবে ১৯ দিনের ছুটি পাবেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ-উল- আযহা’ উপলক্ষ্যে আগামী ২৫ মে হতে ০১ জুন পর্যন্ত এবং ‘গ্রীষ্মকালীন অবকাশ’ উপলক্ষ্যে আগামী ০৬ জুন হতে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া ২৩-২৪ মে এবং ০২-০৩ জুন ক্লাসসমূহ বন্ধ থাকবে তবে অফিসসমূহ খোলা থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ দিন বন্ধ থাকবে যবিপ্রবি। তবে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় ২১-২২ মে, ২৮-২৯ মে, ৪-৫ জুন ও ১১-১২ জুন অতিরিক্ত ছুটি পাবে শিক্ষার্থীরা। এনিয়ে মোট ২৩ দিনের ছুটি পেয়ে উচ্ছ্বসিত দূরের জেলার শিক্ষার্থীরা।
এদিকে টানা বন্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্ব স্ব হল প্রশাসন। তবে শিক্ষার্থীদের আইডি কার্ড সবসময় কাছে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।