বুধবার ২০, মে ২০২৬

বুধবার ২০, মে ২০২৬ -- : -- --

দ্রুতই শুরু হচ্ছে বগা সেতুর নির্মাণকাজ

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৪৬ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

অলি উল্লাহ রিপন,বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বহুল প্রত্যাশিত বগা সেতু নির্মাণ প্রকল্প এখন চূড়ান্ত বাস্তবায়ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সেতুর ডিজাইন প্রায় চূড়ান্ত এবং বর্তমানে শুধু চীনের সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সম্পন্ন হওয়া বাকি। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টায় বগা সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন শেষে চর গরাবদী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “বগা সেতু দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় ছিল। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ছোট্ট শিশু আবিরা একটি টেলিভিশন চ্যানেলে বগা সেতু বাস্তবায়নের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী আমাকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। গত ২০ দিন ধরে আমরা এ প্রকল্প নিয়ে কাজ করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীর পক্ষ থেকে সেতুমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিশু আবিরার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আবিরার প্রচেষ্টা সেতুর কাজকে আরও বেগবান করেছে। তার কথায় মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয় স্পর্শ করেছে। এজন্য আবিরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।”

এ সময় তিনি মানবিক বিবেচনায় বগা সেতু প্রকল্প গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Link copied!